আদালত অবমাননার মামলার রায়ে হাইকোর্ট

বিবাদীপক্ষকে দোষী সাব্যস্ত করতে হলে রায়-আদেশ ভঙ্গের প্রমাণ দিতে হবে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৯

সহকারী বন সংরক্ষক পদে ৯ জনকে রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এক রিট মামলায় এ নির্দেশনা দেওয়া হয়। উচ্চ আদালতের এ রায় বহাল রাখে আপিল বিভাগ। পরে রিটকারী ৯ জনকে নিয়োগ দেয় বন বিভাগ। কিন্তু রিট না করেও এ রায়ের সুবিধা পেতে সরকারের কাছে আবেদন করেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। যিনি বন অধিদপ্তরের সুন্দরবন বায়োডাইভারসিটি কনজারভেশন প্রকল্পে ২০০১ সালে সহকারী বন সংরক্ষক হিসেবে কাজ করেন। কিন্তু সরকার তাকে নিয়োগ না দেওয়ায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন।

ঐ মামলায় রুল খারিজ করে হাইকোর্ট বলেছে, আদালত অবমাননায় কাউকে দোষী সাব্যস্ত করতে হলে বিবাদী পক্ষ সুনির্দিষ্টভাবে আদালতের রায় বা আদেশ ভঙ্গ করেছেন মর্মে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। আদালত অবমাননার মামলার মাধ্যমে বাদীকে কোনো মৌলিক প্রতিকার প্রদান করা যায় না। কেবল সুনির্দিষ্ট আদেশ বা রায় লঙ্ঘন করলে আদালত বিবাদীকে শাস্তি দিতে পারেন। বিচারপতি জে বি এম  হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ রায় ঘোষণা করেন।

রায়ে হাইকোর্ট বলেছে, আদালত অবমাননার মামলায় মৌলিক প্রতিকার প্রদান করলে বিচারিক প্রক্রিয়ায় অবাধ সুযোগ সৃষ্টি হবে যা কাম্য নয়। যদি আদালত অবমাননার বিষয়বস্তু যথাযথ বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তির প্রয়োজন হয় তবে আদালত অবমাননার মামলায় প্রতিকার পাওয়া যায় না। আদালত অবমাননার মামলায় সুনির্দিষ্টভাবে আদালত অবমাননার বিষয় ব্যতীত কোনো ধরনের মৌলিক প্রতিকার দেওয়া যাবে না। 

প্রসঙ্গত বন অধিদপ্তরের সুন্দরবন বায়োডাইভারসিটি কনজারভেশন প্রকল্প ২০০১ সালে চালু হয়। এতে সহকারী বন সংরক্ষক হিসেবে যোগদান করেন ১০ জন। ২০০৫ সালে প্রকল্প মেয়াদ শেষ হয়। উক্ত প্রকল্পের ৯ জন কর্মচারী ২০১৩ সালে রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। ২০১৪ সালে হাইকোর্ট এক রায়ে ৯ জন রিটকারীকে রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশ দেয়। এ রায় আপিল বিভাগে বহাল থাকায় কর্তৃপক্ষ তাদেরকে রাজস্ব খাতে নিয়োগ প্রদান করেন। কিন্তু মো. জাহাঙ্গীর আলম উক্ত রিট আবেদনে পক্ষ না থেকেও ঐ রায়ের আলোকে তাকে সহকারী বন সংরক্ষক পদে রাজস্ব খাতে আত্তীকরণের জন্য গত বছরের ফেব্রুয়ারি মাসে আবেদন করেন। কর্তৃপক্ষ বিদ্যমান আইন-কানুন বিবেচনায় নিয়ে তাকে নিয়োগ দিতে অপারগতা প্রকাশ করেন। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, প্রধান বন সংরক্ষক এবং  বন সংরক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।

গতকাল ঐ মামলাটি খারিজ করে রায় দেয় হাইকোর্ট। রায়ে বলা হয়, সর্বজনীন রায় বা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে ঘোষিত রায় বা আদেশ প্রতিপালন চেয়ে সংশ্লিষ্ট মামলার পক্ষ না হয়েও সমগোত্রীয় কোন ব্যক্তি আদালত অবমাননার মামলা দায়ের করতে পারবেন। কিন্তু আদালতের কোন রায় বা আদেশ কেবল উক্ত মামলার বাদীদের ক্ষেত্রে ঘোষিত হলে উক্ত মামলার পক্ষ ছাড়া অন্য কোন ব্যক্তি সমগোত্রীয় হলেও উক্ত রায়ের প্রতিপালনের ব্যর্থতার জন্য আদালত অবমাননার মামলা দায়ের করতে পারে না। 

বিবাদীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তিনি ইত্তেফাককে বলেন, এ রায় আদালত অবমাননার মামলার বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

ইত্তেফাক/এনএন