কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়ক
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কে চাঁড়ালকাটা নদীতে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে মালবোঝাই ট্রাক আটকা পড়ার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা সড়কের বাহাগিলি ইউনিয়নের চাঁড়ালকাটা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগ ‘ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ’ লিখে একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। কিন্তু কিশোরগঞ্জ-তারাগঞ্জ যাতায়াতের জন্য বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শত শত মালবাহী ও যাত্রীবাহী যানবাহন ঐ ব্রিজটি দিয়ে চলাচল করে। শুক্রবার রাত ১১টার দিকে একটি ট্রাক ব্রিজটি পাড় হওয়ার সময় ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাকের চালক ও হেলপার। বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর শাহ দুলু বলেন, ব্রিজের পাটাতন ভেঙে গিয়ে ট্রাকটি আটকে পড়ার কারণে দুই উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকে পড়ার বিষয় নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটকা পড়ে যান চলাচল বন্ধ রয়েছে।