তালায় ইউএনওর ওপর হামলার ঘটনায় এক জন গ্রেফতার

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালার উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের ওপর হামলার ঘটনায় গৌরাঙ্গ রায় (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা মাদরা গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের শ্রীকান্ত রায়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ নভেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন মাদরা ও বালিয়াদহ এলাকায় ইজারা বাতিল ঘোষিত খালগুলো উন্মুক্ত করার লক্ষ্যে নেটপাটা অপসারণের নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় স্থানীয় সমীর কুমার দাশের লোকজন এ কাজে বাধা প্রদান করেন। এক পর্যায়ে তারা ইউএনও ও তার সঙ্গীদের ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক মো. রোকনুজ্জামন বাদী হয়ে ১১ জন ব্যক্তির নাম উল্লেখপূর্বক ৯১ জনকে আসামি করে তালা থানায় একটি মামলা দায়ের করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।