আজ মালদ্বীপ যাচ্ছে আবাহনী
স্পোর্টস রিপোর্টার
ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, শুক্রবার অনুশীলনও করেছিলেন। কিন্তু কাল আবার তাকে হাসপাতালে দৌড়াতে হয়েছে। বিকালে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস অনুশীলনে নামার আগে বাদশা হাসপাতাল থেকে ভিডিও কলে কোচকে জানালেন তার বর্তমান পরিস্থতি। সকালে নাকি বমি হচ্ছিল। কোচেরও মনটা খারাপ হয়ে গেল। কোচ বললেন, ‘টুটুলের বয়স ২৪। তরুণ ফুটবলার। সে যেটা পারবে অন্যকে দিয়ে সেটা হবে না।’
আজ বিকাল ৪টায় মালদ্বীপের ফ্লাইট ঢাকা থেকে। এএফসি কাপে আবাহনী মালদ্বীপের মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ১২ ফেব্রুয়ারি ফিরতি ম্যাচ খেলবে। তার আগে রক্ষণ নিয়ে দুশ্চিন্তা কোচের।
গত বুধবার ঢাকায় হোম ম্যাচে আবাহনী ২-২ গোলে মাজিয়ার বিপক্ষে ড্র করেছে। দুইবার পিছিয়ে থেকেও ম্যাচটা ড্র করে হার বাঁচিয়েছিল। অথচ এই ম্যাচ জেতার মতো সুযোগও ছিল। কাল অনুশীলনে নামার আগে এই পর্তুগিজের কণ্ঠে।
লেমস বলছিলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ৩৫। এখনো হাড়ভাঙা অনুশীলন করেন তিনি। ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে প্রবেশ করেছেন। এখানে (বাংলাদেশ) দেখলাম ঐ বয়সে মাত্র ফুটবল খেলেতে শুরু করে। আমার কাছে অবাক লাগে এখানকার ফুটবলাররা মাঠে নামার আগেই প্রতিপক্ষকে শক্তিশালী বলতে শুরু করে। ওরা অনেক শক্তিশালী, ওরা র্যাংকিংয়ে অনেক এগিয়ে। কেন এমন করে আমি বুঝি না। কেন বুঝতে পারে না আমাকে পারতে হবে। আমিও পারি এই কথাটা বুকে চেপে সাহস নিয়ে মাঠে লড়াই করার মানিসকতা নেই কেন।’ মারিও লেমস বললেন, ‘এখানকার খেলোয়াড়দের মানসিকতায় ঘাটতি আছে। যে কারণে আগেই পিছিয়ে যায়।’ মাজিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আবাহনীর স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনও বলেছিলেন একই কথা। এর উত্তরণের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে বললেন দলের কোচ মারিও লেমস। এই কোচ এখনো মনে করছেন ১২ ফেব্রুয়ারি যে ম্যাচ আছে সেটা এখনো জেতার মতো শক্তি আমাদের আছে। মানসিকতা শক্ত হতে হবে।
ঢাকার ম্যাচ ড্র হওয়ায় অ্যাওয়ে ম্যাচে আবাহনীকে জিততে হবে। ১-১ ড্র হলে আবাহনীর বিদায়। ২-২ ড্র হলে ম্যাচ টাইব্রেকারে গড়াবে। ৩-৩ ড্র হলে আবাহনী পরবর্তী রাউন্ডে যাবে। এই হিসাব অনেক দূরের। অন্তত এক গোলে ম্যাচ জিতলে আবাহনীকে অন্য কোনো চিন্তা করতে হবে না। আবাহনী কি পারবে নাকি মালদ্বীপেই বিদায়।