তরফদার রুহুল আমিনকে বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা

বিভাগ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

বাংলাদেশ বিভাগ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার রহুল আমিনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ঘোষণা করেছে।

গতকাল শনিবার চট্টগ্রামে বাংলাদেশ বিভাগ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির ৬ষ্ঠ সভা শেষে এ ঘোষণা আসে। সভাশেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তরফদার রুহুল আমিন জানান, চট্টগ্রামের সভায় তৃণমূল পর্যায়ের ক্রীড়া সংগঠকদের পক্ষ হতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে তাকে সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘চমত্কার একটি প্যানেল গঠন করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। আমাদের প্যানেল জয়যুক্ত হলে দেশের ফুটবল এগিয়ে যাবে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে  বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়াব ইনশাল্লাহ।’ দেশের বিভাগ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অধিকাংশ সভাপতি ও সম্পাদকগণ এ সভায় উপস্থিত ছিলেন বলে জানান তিনি।