তজুমদ্দিনে জেলে-জলদস্যু সংঘর্ষ সাত ডাকাত আটক

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলার তজুমদ্দিন উপজেলা চরজহিরউদ্দিনের মেঘনার পাইলঘাট এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে জেলেদের সঙ্গে জলদস্যুদের সংঘর্ষ হয়েছে। এ সময় জেলেরা শিপন শিকদার নামে এক জলদস্যু লিডারকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ছয় ডাকাতকে আটক করেছে।

তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে একদল ডাকাত হামলা চালায়। এ সময় জেলেরা একত্রিত হয়ে জলদস্যুদের ঘেরাও করে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। চরজহিরউদ্দিন পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাবুল হোসেন ডাকাত শিপন শিকদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, ধৃত ডাকাতরা হলেন—দৌলতখানের চরখলিফার কালাম, ফুলকাচিয়ার কাঞ্চন খোরশেদ, বোরহানউদ্দিনের হাসাননগরের জিসান, হাতিয়া জাহাজমারার তজল কবিরাজের ছেলে আশ্রাফ বেলাল, নোয়াখালী চরজব্বারের মাহফুজ ও কমলনগরের চরমাজিদার কামাল মাঝি। ওসি আরো জানান, ডাকাত শিপন শিকদার একাধিক মামলার আসামি এবং সাত বছর জেল খেটে জামিনে এসে পলাতক ছিলেন।