চকরিয়ায় বাস খাদে পড়ে নিহত চার

চকরিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাস খাদে পড়ে নারীসহ চার জন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় আরো ছয় জন নিহত হয়েছেন। শুক্র ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

চকরিয়া (কক্সবাজার) :কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে শুক্রবার রাতে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে খাদে পড়ে এক নারীসহ চার জন নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মো. আলীর স্ত্রী ঝর্ণা বেগম (৩৬), সোনাইমুড়ি উপজেলার আম্বরনগর গ্রামের আবু সুফিয়ান (৪০), বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর গ্রামের মো. মনিরুজ্জামান সম্রাট (২৮) ও চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর গ্রামের সাজেদ উল্লাহ (২৬)।

পলাশবাড়ী (গাইবান্ধা) :পলাশবাড়ীতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবা মমিনুল ইসলাম (৪৫) ও ছেলে স্থানীয় ইউনিক কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহি (১০)।

চট্টগ্রাম :সীতাকুন্ডের শীতলপুরে গতকাল প্রাইভেট কারের ধাক্কায় মো. শফি (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। শফি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি শীতলপুর এলাকার ভোগলা বাজারের বাসিন্দা।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) :চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানকে এনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে দুই জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথ দীঘির দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাভার্ড ভ্যানচালক সীতাকুন্ড পৌরসভার পশ্চিম মহাদেবপুর এলাকার সোবহানবাগ গ্রামের আবদুল কাদের (৪৬) ও বাসের সুপারভাইজারঢাকা শহরের মিরপুর পল্লবীর মো. রাসেল (৩৫)।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) :নবাবগঞ্জ উপজেলায় মাটিবাহী মাহেন্দ্রার চাপায় সিনহাত (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল উপজেলার কৈলাইল ইউনিয়নের দক্ষিণ মেলেং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিনহাত ঐ এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।

মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে শুক্রবার মোটরসাইকেল আরোহী সুমন মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জের চরসৈয়দপুরের আব্দুল জলিল মিয়ার পুত্র।