গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় হকের মোড় নামক স্থানে ১৫ বছরের এক কিশোরী ছোটো ভাইয়ের সামনে গণধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে ঐ পার্লার কর্মী তার ছোটো ভাইকে সঙ্গে নিয়ে পার্লারের মালিকের কলেজ গেটের বাসা থেকে অটোরিকশায় বাসায় ফিরছিল। মেঘনা রোডে হকের মোড়ে আসামাত্র দাঁড়িয়ে থাকা চার জন ট্রাকের হেলপার ঐ কিশোরীর অটোরিকশার গতিরোধ করে। পরে তারা ঐ কিশোরীর ছোটো ভাইকে গাছের সঙ্গে বেঁধে ফেলে। কিশোরীটিকে পরিত্যক্ত ট্রাকের ওপর নিয়ে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে। রাস্তাটি নিস্তব্ধ ও অন্ধকার হওয়ায় এ সময় কেউ এগিয়ে আসেনি। বিষয়টি বুঝতে পেরে রিকশাচালক শামীম হোসেন ঘটনাস্থলের পাশেই থানা হওয়ায় কৌশলে টঙ্গী পূর্ব থানায় অবহিত করে। টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে এবং চার ধর্ষণকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার সদরামপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে নয়ন (২২), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বুতুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে শাহবুদ্দিন (১৯), ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কান্দাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন (১৯) ও জামালপুর জেলার বকশিগঞ্জ থানার জিন্নাবাজার গ্রামের মৃত বিল্লাল মণ্ডলের ছেলে বাবু মণ্ডল (১৮)।
টঙ্গী পূর্ব থনার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, রাত ১২টায় খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মেয়েটিকে উদ্ধার করি। ঘটনাস্থল থেকেই চার ধর্ষণকারীকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত চার জন ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে চার জনকে আসামি করে টঙ্গী মডেল থানায় মামলা করেন।