চট্টগ্রামের রাউজানে ৭৫ বছর বয়স্ক এক মুক্তিযোদ্ধাকে ধারাল কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ১০টায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে। নিহত ঐ মুক্তিযোদ্ধার নাম এ কে এম নুরুল আজম চৌধুরী। তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে খুনিরা। তিনি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরামিয়া চৌধুরী বাড়ির আব্দুল হালিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। ঘটনাস্থলের পাশে হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি একটি দোকানে বইখাতা বিক্রি করতেন। ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান থানার ওসি (তদন্ত) মীর হোসেন বলেন, পরিবারের লোকজন এসে ঐ মুক্তিযোদ্ধার লাশ শনাক্ত করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। এই বীভত্স হত্যাকাণ্ডের পর ভয়ে মুখ খুলতে চাইছেন না স্থানীয়রা। তার ছোটো ভাই হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম চৌধুরী বলেন, তার তেমন কোনো শত্রু আছে বলে জানা ছিল না।