কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বাংলাদেশ গ্যালারির কাজ শুরু

বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বাংলাদেশ গ্যালারি তৈরির কাজ শুরু হয়েছে গতকাল শনিবার। শিলাইদহে প্রায় দশ বছর কাটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। খুলনার দক্ষিণডিহিতে ছিল তার শ্বশুরবাড়ি। শিলাইদহের কুঠিবাড়িতে থাকার সময় যে চেয়ারে বসে তিনি লিখতেন, যে দোয়াতকলম ব্যবহার করতেন, জমিদারির কাজ তদারকি করতে যাওয়ার সময় যে বজরায় করে যাতায়াত করতেন তার রেপ্লিকা থাকার কথা এই প্রদর্শন কক্ষে। এছাড়াও কুঠিবাড়িতে রয়েছে কবিগুরুর স্মৃতি বিজড়িত বেশ কিছু পালঙ্ক, শ্বেতপাথরের টেবিল, চা তৈরির সরঞ্জাম প্রভৃতি। সেগুলোর রেপ্লিকাও এখানে স্থান পেতে পারে।

প্রদর্শনকক্ষ তৈরি করতে ৭৫ লাখ রুপি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফে। আরো টাকা লাগলে দেওয়া হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দুটি ঘর নিয়ে গড়ে তোলা হচ্ছে এই গ্যালারি। আগামী মার্চ মাসের মধ্যে গ্যালারি তৈরির কাজ শেষ হতে পারে।

গতকাল এই কাজের সূচনা করেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান, দূতাবাসের হেড অব চান্সেরি বি এম জামাল হোসেন, প্রেস সচিব মোফাকখারুল ইকবাল প্রমুখ।