সেবা নিয়ে সবাই যেন হাসিমুখে ফিরে যায় -----------------আইজিপি

ঢাকার প্রতিটি থানাকে জনগণের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল শনিবার বিকালে ডিএমপির ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডিএমপি সদস্যরা ২৪ ঘণ্টা সাত দিন কাজ করে যাচ্ছে ঢাকা শহরকে নিরাপদ রাখতে। আমরা চেষ্টা করছি ঢাকার প্রত্যেকটি থানাকে বিশ্বাস ও আস্থার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে। আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়। শোভাযাত্রাটি ডিএমপি সদর দপ্তর থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এসে শেষ হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, শত সীমাবদ্ধতার মধ্যেও ঢাকাবাসীকে নিরাপদ করতে ডিএমপির ৩৫ হাজার সদস্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। নগরবাসীর নিরাপত্তাজনিত সকল চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএমপি।

তিনি আরো বলেন, আমাদের সীমাহীন আনন্দ হতো যদি এই শহরে একটি অপরাধও না হতো। কিন্তু আমরা যতই প্রতিরোধ করি না কেন অপরাধ মুক্ত শহর করা অনেক কঠিন। পৃথিবীর এমন কোনো শহর পাওয়া যাবে না যেখানে অপরাধ হয় না। তারপরও জনগণকে সঙ্গে নিয়ে এবং সীমিত যানবাহন ও লজিস্টিক সাপোর্ট নিয়ে  আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কেক কেটে ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে আস্থা নামে একটি বিশেষ প্রকাশনা প্রকাশ করেন তারা।