‘অভিনয়ের চেয়ে ব্যক্তিগত সম্পর্কের মূল্য বেশি’

বিনোদন ডেস্ক

 

চলতি বছর বলিউডে সিনেমা আলোচনার চেয়েও বেশি আলোচনা তৈরি হয় ‘মি টু’ প্রসঙ্গ নিয়ে। ইন্ডাস্ট্রির এক সময়ের জনপ্রিয় নায়িকা থেকে শুরু করে বর্তমানে যারা কাজ করছেন তাদের অনেকেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নিজেদের বিভিন্ন সময়ের যৌন হেনস্তার অভিজ্ঞতা নিয়ে বলেছেন নায়িকারা। যেখানে উঠে এসেছে বলিউডের অনেক প্রভাবশালী তারকাদের নাম। তাদের অনেকের বিরুদ্ধে মামলাও করা হয়। বছরের শেষে এ প্রসঙ্গে মুখ খুললেন বলিউড তারকা অদিতি রাও।

প্রস্তাবে ‘না’ করে কাজ হারিয়েছিলেন বলে জানালেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। শুক্রবার ভারতের এক গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

অদিতি জানান, অন্যান্যদের তুলনায় হয়তো তার অভিজ্ঞতা ততোটা ভয়ঙ্কর নয়। তবে এমন অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তিনিও। অভিনেত্রী জানান, বেশ রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় প্রথমে এ সম্পর্কে তার ধারণা খুবই কম ছিল। যেগুলো শোনা যায় সেগুলো যে আদতে সত্যি সেটা ভাবতে পারেননি তিনি।

তাকে বেছে নিতে বলা হয়েছিল যেকোনো একটা। অর্থাত্ যৌনতায় রাজি হলে তবেই তাকে কাজ দেওয়া হতো। তবে তিনি মুখে ওপর না বলে দেন। আর স্বাভাবিকভাবেই কাজটি হারান তিনি। এই ঘটনার পর ৮ মাস বসে থাকতে হয়েছিল তাকে। ৮ মাসে পর ফেরেন কাজে। তিনি মনে করেন, কোনো মহিলা যদি এ প্রসঙ্গে মুখ খুলতে তৈরি থাকেন, তবেই খোলা উচিত।

কেউ এ বিষয়ে কথা না বললেই যে তাকে নিয়ে সমালোচনা করা হয় সেটা ঠিক নয় বলে মনে করেন তিনি।

অদিতি এ প্রসঙ্গে বলেন, ‘এমন অভিজ্ঞতা আমার কখনো হবে তা ভাবতেও পারিনি। ঘটনাটি আমাকে হতাশ করেছে। এরপর কয়েকমাস কোনো কাজের জন্য প্রস্তুতিও নিতে পারিনি।’