বাতাসে গদা না ঘুরিয়ে নির্বাচনে আসুন এবং প্রতিদ্বন্দ্বিতা করুন: তথ্যমন্ত্রী

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, 'বিএনপিকে মাঠে না নেমে ঢাকায় বসে ভিত্তিহীন কাল্পনিক অভিযোগের ফিরিস্তি বন্ধ করতে বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহবান জানাচ্ছি।' বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা একটার পর একটা অভিযোগের ফিরিস্তি তুলছেন অভিযোগ করে তিনি তাদের উদ্দেশ্যে বলেন, 'মাঠে না এসে, বাতাসে গদা না ঘুরিয়ে নির্বাচনে আসুন এবং প্রতিদ্বন্দ্বিতা করুন।'

রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার কাচারীপাড়া জগৎ জননী মাতৃমন্দির ও ধরমপুর ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকায় নৌকা মার্কা প্রর্তীকের সমাবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরপর মন্দির কমিটির সাধারণ সম্পাদক লক্ষণ বয়ান বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, এলাকার প্রবীণ ব্যক্তি ভুবতি ভুষণসহ কয়েক শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ স্বাধীনতাবিরোধী অপশক্তির পরাজয় নিশ্চিত: ওবায়দুল কাদের

বিএনপির নেতৃবৃন্দ নির্বাচন নিয়ে যে সকল অভিযোগ তুরেছে সেই সকল অভিযোগ প্রমাণ করার খোলা চ্যালেঞ্জ দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ সময় তিনি আরো বলেন, 'আমি ক্ষমতার জন্য ভোট চাই না। আপনি পাকা রাস্তা, বিদ্যুতের আলো, সন্ত্রাসমুক্ত শান্তির সমাজে থাকতে চাইলে, খুনি-রাজাকারদের বদলে মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে চান তাহলে নৌকায় ভোট দিন।'

ইত্তেফাক/নূহু