‘সরকারকে টেনে নামাতে হবে’ এমন বক্তব্য ড. কামাল হোসেনের ব্যক্তিত্বের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার হলে সমবায় বিভাগের সহায়তায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত ‘শেখ হাসিনার দশ উদ্যোগ এবং উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ে বাসস জেলা প্রতিনিধিদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সমসাময়িক রাজনীতি বিষয়ে প্রশ্নের জবাবদানকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘তিনি (ড. কামাল হোসেন) গতকাল যে ভাষায় কথা বলেছেন, এটি তার ব্যক্তিত্বের সঙ্গে সাংঘর্ষিক। বাস্তব অবস্থা হচ্ছে, সরকারকে টেনে নামাতে গিয়ে তারাই পড়ে গেছেন। তাঁর নিজের দলের মধ্যে যে অনৈক্য, আমি ড. কামাল হোসেনকে সবিনয়ে অনুরোধ জানাবো, তার দলের ঐক্য রক্ষা করার জন্য আরো মনোযোগী হতে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।আরো বলেন, ‘ক্রমাগতভাবে বিএনপি’র আইন-আদালতকে তোয়াক্কা না করার বিষয়টি আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বড় অন্তরায় বলে আমি মনে করি । তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবসহ বিএনপিকে বলবো এ ধরণের সমাবেশ করে হুমকি-ধমকি দিয়ে খালেদা জিয়ার মুক্তি কখনো মিলবে না, তাদেরকে আইনি পথেই হাঁটতে হবে।’
আগামী ১৫ ফেব্রুয়ারি বিএনপি আহুত বিক্ষোভের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা বিক্ষোভ করতেই পারেন, কিন্তু সেই বিক্ষোভটি কার বিরুদ্ধে, সেটিই হচ্ছে প্রশ্ন। সেটি কি আদালতের বিরুদ্ধে! কারণ আদালতই বেগম খালেদা জিয়ার শাস্তি দিয়েছে। বিক্ষোভ তো তাহলে আদালতের বিরুদ্ধে।’
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান, তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। আমার বাড়ি আমার খামার প্রকল্পের প্রকল্প পরিচালক আকবর হোসেন প্রকল্প সম্পর্কে হালনাগাদ তথ্য উপস্থাপন করেন।
ইত্তেফাক/আরএ