আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডিবি পুলিশ পরিচয় দেওয়া এক ডাকাত সর্দার নিহত হয়েছে। নিহতের নাম মোঃ শামীম (৪২)। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। গতকাল সোমবার ভোরে পুলিশ আটক শামীমকে নিয়ে তার অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযানে গেলে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত  শামীম যশোর জেলার কোতোয়ালী থানার মহেন্দপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। এর আগে রবিবার রাতে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে ডাকাত শামীমকে আটক করে পুলিশ। সে নিজেকে ডিবি পুলিশের ওসি পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে সাভার, ধামরাই, গাজীপুরসহ বিভিন্ন থানায় আটটি মামলা ছিল।