বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হতে যাওয়া শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমায় শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা ও নির্মাতা
তৌকীর আহমেদ
ছবিটি সরকারি প্রযোজনা ও ব্যবস্থাপনায় নির্মিত হচ্ছে। তাই তথ্য মন্ত্রণালয়ের একজন আমার সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রণালয়ের তরফ থেকে আমাকে অডিশন দেওয়ার জন্য বলা হয়। তবে মজার ব্যাপার হলো, অডিশনে ডাকা হয়েছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের চরিত্রের জন্য। কিন্তু সেখানে গিয়ে সব পাল্টে যায়। পরে নির্মাতা শ্যাম বেনেগাল মনে করলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে আমি পারফেক্ট। এখন আমি সেটিই ধারণ করার জন্য তৈরি হচ্ছি। যেকোনো ঐতিহাসিক চরিত্র ধারণ করা একজন অভিনেতার জন্য আনন্দের। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমাদের দেশ ও রাজনীতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আর বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে তার প্রভাব অত্যন্ত তাত্পর্যময়। কিছু পড়াশোনা করছি। আর নির্মাতা, সিনেমার টিম তো আছেই। চরিত্রটির জন্য তাদের সঙ্গেও পরামর্শ করছি।