বরিশাল অফিস
নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করে বরিশালে সংবাদ সম্মেলন করেছেন সদর আসনে বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ার। গতকাল রবিবার বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এবং প্রশাসনের স্বেচ্ছাচারিতার নানা অভিযোগ করেন। নেতা-কর্মীদের হয়রানির বিষয়টিও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ ছাড়াও তিনি বরিশাল রিটার্নিং অফিসারের কাছে অভিযোগও দাখিল করেন।
অপরদিকে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম নগরীর বটতলা ও নবগ্রাম রোড এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি উন্নয়নের জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। জাহিদ ফারুক শামীমের সাথে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, বাস মালিক গ্রুপের সভাপতি আওয়ামী লীগ নেতা আফতাব হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।
এ দিকে আওয়ামী লীগ, ইসলামী আন্দোলনের হাতপাখা ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীরা প্রতিদিন নেতা-কর্মীদের নিয়ে সদর আসন চষে বেড়ালেও বিএনপি প্রার্থী তার গণসংযোগে বাধার অভিযোগ এনে দফায় দফায় সংবাদ সম্মেলন করছে। তিনি গত তিনদিন পূর্বে নগরীর পশ্চিম কাউনিয়াস্থ বাসভবনে সংবাদ সম্মেলনের পর গতকাল রবিবার বরিশাল প্রেসক্লাবে ফের সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি অভিযোগ করেন শনিবার সদর উপজেলার চন্দ্রমোহনে উঠান বৈঠকে যাওয়ার পথে নেহালগঞ্জ ফেরিঘাটে, ফেরি ও ট্রলার বন্ধ রাখা হয়, এমনকি নৌকা পর্যন্ত শেকল দিয়ে আটকে বন্ধ করে দেয় পুলিশ। উঠান বৈঠকে আসা নেতা-কর্মীদের বাঁশির হুইসেল দিয়ে এবং লাঠিচার্জ করে তাড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সেখান থেকে ইউনিয়ন বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, বরিশালে এ পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে নেতা-কর্মীদের বাসায় গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বলেন, এখন আবার মধ্যরাতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। ঘটনা এক জায়গায় হলেও সারা বরিশালের নেতা-কর্মীদের সে মামলায় আসামি করা হচ্ছে। এসব বিষয়ে আমরা একাধিকবার রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছি। কিন্তু তার পরেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান লিংকনসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।