গঙ্গাচড়ায় তিস্তা বাঁধে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি!

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

তিস্তা প্রতিরক্ষা ডানতীর বাঁধের মাঝখানে তিন-চারটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এ নিয়ে বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কায় করছে এলাকাবাসী। জানা যায়, সম্প্রতি নোহালী ইউনিয়নের কচুয়া এলাকায় তিস্তা প্রতিরক্ষা ডানতীর বাঁধের পুনর্নির্মাণকাজ করা হয়। সে সময় বাঁধের মাঝখানে রয়ে যায় বৈদ্যুতিক খুঁটিগুলো। খুঁটি বাঁধের মধ্যখানে থাকায় হেঁটে, সাইকেল, রিকশা কিংবা মোটরসাইকেলে আরোহীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে রাতের বেলা খুঁটিগুলো নিয়ে আতঙ্কে থাকে এলাকাবাসী। নোহালী ইউনিয়ন থেকে গঙ্গাচড়াসহ বিভিন্ন এলাকায় যেতে বেশির ভাগ লোক বাঁধের রাস্তাই ব্যবহার করে থাকে।  এ ব্যাপারে রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর গঙ্গাচড়ার জোনাল অফিসের ডিজিএম নুরুজ্জামান মিয়া বলেন, তিস্তা প্রতিরক্ষা ডান তীর বাঁধ নির্মাণের কারণে এটি হয়েছে। আমরা এলাকা পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করেছি। সেইসঙ্গে রংপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য আর্থিক সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।  রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বাঁধের খুঁটি সরানোর জন্য রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।