পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়ায় ৪০ হাজার পিস ইয়াবা ও বৈদেশিক মুদ্রাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে শনিবার বিকাল পাঁচটায় পটিয়া উপজেলার মোজাফরাবাদ এলাকার মেসার্স নজরুল অ্যান্ড কোম্পানির একটি ফিলিং স্টেশনের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় নগদ ৩২ হাজার টাকা, দুটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও তিনটি ব্যাগ জব্দ করা হয়।
পটিয়া থানার ওসি বোরহানউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।