শেরপুর প্রতিনিধি
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের সর্বত্র ক্লান্তিহীনভাবে জনসংযোগ করছেন আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন থেকে তিনি নকলা-নালিতাবাড়ি উপজেলার ২টি পৌরসভাসহ ২৩টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন।
মতিয়া চৌধুরী প্রতিদিন দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে হাটে বাজারে এবং গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ স্থানগুলোতে পথসভায় বর্তমান সরকারের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, যোগযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কার পক্ষে ভোট চাচ্ছেন। এছাড়াও পাড়ায় পাড়ায় আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ভোটার বিশেষত নারী ভোটারদের কাছে তাদের ভোট ছাড়াও প্রত্যেককে ৮/১০টি করে ভোট নৌকা মার্কার পক্ষে সংগ্রহ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। তার ব্যতিক্রমধর্মী প্রচারণায় ভোটাররা মুগ্ধ।