প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেসক্লাবের সামনে একত্রিত হয়েছিলেন হাজার মেধাবী চাকরি প্রার্থী। তাদের মূল দাবি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে যেন প্যানেল করে অবিলম্বে সরাসরি নিয়োগ প্রদান করা হয়। তারা মুজিববর্ষকে সামনে রেখে মহান ভাষার মাসে এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, রিট জটিলতার কারণে ২০১৪ থেকে ১৮ সাল পর্যন্ত প্রাইমারি নিয়োগে কোনো সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকরির বয়সসীমা শেষ হওয়ায় এটাই ছিল তাদের শেষ সুযোগ। প্রাথমিক বিদ্যালয়ের আসন শূন্যের ভিত্তিতে নিয়োগবঞ্চিত ৩৭ হাজার ১৪৮ জন মেধাবীকে সুপারিশ করতে জোর দাবি জানান তারা। উল্লেখ্য, প্রাইমারি শিক্ষক ২০১৮ নিয়োগে এবারেই প্রথম সারাদেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগবঞ্চিত হয় ৩৭ হাজার মেধাবী পরীক্ষার্থী।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় প্রাইমারি শিক্ষক নিয়োগে প্যানেল চাই কমিটির ব্যানারে। সকাল ১০টা থেকে কমিটির সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সারাদেশ থেকে আসা অনেক মেধাবী শিক্ষার্থী।