অভিষিক্ত ওপেনার সাইফ হাসান প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে অবশ্য একই জটিলতার মধ্যে পরতে হয়নি তাকে। এবার তিনি রানের খাতা খুললেন চার হাঁকিয়ে। শাহিন শাহ আফ্রিদির বলে মিড অফে চার মেরে রানের খাতা খোলেন তিনি। প্রথম ইনিংসের চেয়ে গতকাল বেশ সাবলীলই ছিল তার ব্যাট। যদিও, ১৬ রানের মাথায়ই থামতে হয় এই ডান হাতিকে। নাসিম শাহর দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এর আগে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং জুটিতে যোগ করে যান ৩৯ রান। তবে, সব মিলিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্টটা স্মরণীয় হলো না সাইফের।