প্রস্তুতি ম্যাচে তাকিয়ে সালমারা

নারী ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

এবারের বিশ্বকাপকে সামনে রেখে বেশ আগেভাগেই গত ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখান থেকে তারা চলে গেছে গোল্ড কোস্টে। এখানে চলছে বাংলাদেশের ক্যাম্প। এই গোল্ড কোস্টেই নিজেদের আয়োজনে অনুশীলন করছে এবং প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। গত ৭ তারিখ প্রথম প্রস্তুতি ম্যাচের কথা ছিল। কিন্তু বৃষ্টিতে সেটা হয়নি।

আজ ও ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আরো অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে। এই প্রস্তুতি ম্যাচের দিকে তাকিয়ে আছেন বলে গতকাল বলছিলেন অধিনায়ক সালমা খাতুন। তিনি বলেছেন, এখানে ভালো করতে পারলে মূল টুর্নামেন্টেও তারা ভালো করার ব্যাপারে আশাবাদী, ‘অবশ্যই অস্ট্রেলিয়ার এই কন্ডিশন আমাদের জন্য একটু টাফ ও চ্যালেঞ্জিং হবে। তবে আশা করছি, আমাদের সামনে যে প্রস্তুতি ম্যাচগুলো আছে, সেগুলো আমরা ভালো ভাবে খেলতে পারব। সেটা করতে পারলে মূল টুর্নামেন্টে আমাদের কাজটা সহজ হবে।’

গোল্ড কোস্টে বাংলাদেশ খেলবে দ্য ডলফিনস দলের নারী স্কোয়াডের বিপক্ষে। এটা মূলত গোল্ড কোস্ট ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের একটি দল।

এরপর ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ চলে যাবে ব্রিসবেনে। এখানে আইসিসির তত্ত্বাবধানে শুরু হবে ক্যাম্প। আর ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে ও ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলবে ‘এ’ গ্রুপে। এখানকার সেরা দুই দল যাবে সেমিফাইনালে। গ্রুপে বাংলাদেশের সঙ্গীরা হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ২৪ ফেব্রুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে; পার্থে। ২৭ ফেব্রুয়ারি ক্যানাবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড ও ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।