নাসিমের হ্যাটট্রিক

কাগজে কলমে এখনো তার ১৭ বছর হয়নি। রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে খেলেছেন মাত্র তিন টেস্ট। অথচ, নাসিম শাহ এই সামান্য অভিজ্ঞতা নিয়েই গতকাল রীতিমত হ্যাটট্রিক করে বসলেন। গতকাল ডানহাতি এই পেসার দিনের শেষ সেশনে পর পর তিন বলে ফিরিয়ে দেন নাজমুল হোসেন শান্ত, নাইটওয়াচ ম্যাচ তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। ১২৪/২ থেকে মুহূর্তের মধ্যে ১২৪/৫ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। মাত্র চতুর্থ পাকিস্তানি হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নাসিম। এর আগে হ্যাটট্রিক করেছেন ওয়াসিম আকরাম ও আব্দুল রাজ্জাক ও মোহাম্মদ সামি। এর মধ্যে ওয়াসিম আকরামই একমাত্র পাকিস্তানি বোলার যিনি দুবার হ্যাটট্রিক করেছেন। নাসিম টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে হ্যাটট্রিক করেন।