বিএনপি-জামায়াতকে নয় ভোটারদের ভোটে অনীহাকে ভয় পাই :নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ‘আমরা বিএনপি-জামায়াতকে ভয় পাই না। কারণ তাদের ক্ষমতা সবাই জানে। কিন্তু ভোটারদের ভোটে অনীহাকে আমরা ভয় পাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন হয়েছে, বাংলাদেশ এখন আলোকিত। এত উন্নয়ন ও সফলতার পরও ভোট দিতে ভোটারদের কেন অনীহা হচ্ছে? এই আত্মোপলব্ধি ও আত্মবিশ্লেষণ করার সময় এসেছে।’ গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই স্মরণসভার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আন্দোলন করে বিএনপি-জামায়াত কিছু করতে পারবে না। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও ও সহিংসতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। আর আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় ধরে রাখতে, জনগণকে ভোটারবান্ধব তৈরি করতে এবং সেই ইমেজ ধরে রাখতে।’

সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। সাহিত্যের রসবোধ আর প্রখর মানবিক মূল্যবোধসমৃদ্ধ বক্তব্য শুনে সংসদ থেকে জনসভায় সবখানের মানুষ মুগ্ধ হতেন।’ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদর সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির আইনজীবীদের নিজেদের অন্তর্কোন্দল আর ব্যর্থতার কারণেই বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না। সরকারের তো কিছু করার নেই। সবকিছু আদালতের ওপর নির্ভর করছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা ডা. দিলীপ রায়, বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।