রাওয়ালপিন্ডি টেস্ট ইনিংস পরাজয় ঠেকানোর চেষ্টা

গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম দুই সেশন বলে ও ব্যাটে ভালো কাটিয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, ইনিংস পরাজয় অন্তত এড়ানো যাবে। কিন্তু শেষ বিকেলে এসে আবারও স্বরূপে ফিরল বাংলাদেশের ব্যাটিং। অনায়াসে হ্যাটট্রিক করে ফেললেন নাসিম শাহ।

বাংলাদেশি ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে আরো একবার ইনিংস পরাজয়ের সামনে এসে দাঁড়িয়েছে দল। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১২৬ রান তুলেছে বাংলাদেশ। হাতে ৪ উইকেট নিয়ে ইনিংস পরাজয় এড়াতে এখনো ৮৬ রান দরকার।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হয়েছিল। জবাবে দ্বিতীয় দিন পর্যন্ত ৩ উইকেটে ৩৪২ রান তুলেছিল পাকিস্তান। শান মাসুদ ও বাবর আজম সেঞ্চুরি করেছিলেন। এরপর আসাদ শফিক ও হারিস সোহেল ফিফটি পার করেন। কিন্তু গতকাল সকালে তাদের দ্রুত গুটিয়ে দেয় বাংলাদেশ।

কাল আর ১০৩ রান তুলতে বাকী ৭ উইকেট হারায় পাকিস্তান। আবু জায়েদ রাহি ও রুবেল হোসেন ৩টি করে উইকেট নেন। তাইজুল ২ উইকেট নেন এবং              এবাদত নেন ১ উইকেট।

জবাবে বাংলাদেশের শুরুটা স্বস্তির ছিল। বিনা উইকেটে ৩৯ রান তুলেছিল বাংলাদেশ। সাইফ ১৬ রান করে ফিরে আসেন। এরপর তামিম ৩৪ রান করে ফেরেন। এই ২ উইকেটে বাংলাদেশ ১২৪ রান করেছিল। ভালো জুটি করেছিলেন শান্ত ও মুমিনুল। কিন্তু শান্তর আউটের পর একটা ধস নামে বিকেল বেলা। শান্ত ৩৮ রান করে ফিরে আসেন। এরপর কোনো রান না করে পরপর ফেরেন তাইজুল ও মাহমুদউল্লাহ। সিনিয়র ব্যাটসম্যান মাহমুদউল্লাহ বাইরের বলে শট করতে গিয়ে আউট হন। আর এতেই শান্ত, তাইজুল ও রিয়াদকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন নাসিম।

এরপর মিঠুনও শূন্য রানে ফিরে আসেন। দিনের শেষে ৩৭ রান নিয়ে উইকেটে আছেন অধিনায়ক মুমিনুল হক।