চট্টগ্রামে সন্ত্রাসীর বাসা থেকে একে-২২ রাইফেল উদ্ধার

মধ্যপ্রাচ্য ফেরত সন্ত্রাসী সারোয়ারের বাসায় অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি এবং চার রাউন্ড গুলিসহ দুটি এলজি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার নগরীর খন্দকীয়া পাড়ায় তার বাসা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ সারোয়ারকে আটক করে। পরে বায়েজিদ থানা পুলিশ তাকে চট্টগ্রামে নিয়ে আসে। বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার বলেন, প্রায় তিন বছর কাতারে পালিয়ে ছিলেন সারোয়ার। সেখানে মারামারির এক ঘটনায় পুলিশ তাকে আটক করে এক মাসের সাজা দেয়। সাজা শেষে তারা সারোয়ারকে দেশে পাঠিয়ে দিলে শাহজালাল বিমান বন্দরে পুলিশ তাকে আটক করে।’

পুলিশ জানায়, সারোয়ার চট্টগ্রামে শীর্ষসন্ত্রাসী কুখ্যাত শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে নগরীর বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।