উপজেলার চরএলাহী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দিদার হোসেন সৌরভকে (৩৫) এলোপাতাড়ি পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। এ সময় তাদের হামলায় বাহার মিয়া ও হোসেন নামে দুই জন আহত হয়েছেন। গতকাল রবিবার সকালে চরবালুয়া পুলিশ ফাঁড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। নিহত দিদার হোসেন সৌরভ চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চলবালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
চলবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জাকির হোসেন জানান, নিহত দিদার হোসেন সৌরভের বুলডোজার মেশিনের চালক ছিলেন বাহার মিয়া। গত শনিবার রাতে মেশিনের ভাড়ার হিসাব করতে বাহারের বাড়িতে যান সৌরভ। কিছুক্ষণ পর ১০/১২ জন মুখোশধারী দুর্বৃত্ত বাহারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে থাকা সৌরভ, বাহার ও হোসেনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে মুখোশধারীরা সৌরভকে টেনে হিঁচড়ে ঘর থেকে উঠানে নিয়ে জবাই করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সৌরভের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ২টার দিকে চলবালুয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।