হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজে সাড়ে ১৫ কোটি টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির বাজারদর যাচাই টিমের চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক তদন্ত টিম। গতকাল রবিবার টেন্ডার কমিটির বাজারদর যাচাই কমিটির সদস্য ডা. জাহাঙ্গীর, ডা. শাহীন ভূঁইয়া, ডা. প্রাণকৃষ্ণ ও ডা. পংকজ কান্তি গোস্বামীকে জিজ্ঞাসাবাদ করে দুদক তদন্ত টিম। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। আজ সোমবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন টেন্ডার কমিটির প্রধান মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান, সদস্যসচিব ও হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা, সদস্য ডা. হালিমা ও ডা. কদ্দুছ।
এর আগে সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শামসুল আলমকে প্রধান করে টেন্ডার দুর্নীতি সংক্রান্ত একটি তদন্ত টিম গঠন করা হয়। ইতিমধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দুদক তদন্ত টিমের কাছে টেন্ডার সংক্রান্ত কাগজপত্র ঢাকায় পাঠিয়েছেন। সম্প্রতি হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের বইপত্র ও মালামাল ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ২০১৭-২০১৮ অর্থবছরে ১৫ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ আসে প্রতিষ্ঠানটিতে। ভ্যাট ও আয়কর খাতে সরকারি কোষাগারে জমা হয় ১ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৭৪৮ টাকা। ১৩ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ১০৯ টাকা মালামাল ক্রয় বাবদ ব্যয় দেখানো হয়। কিন্তু বাস্তবে ওই মালামালের মূল্য ৫ কোটি টাকার বেশি নয় বলে অভিযোগ রয়েছে।