ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপালের (বিবিআইএন) মধ্যে বিবিআইএন মোটর ভেহিক্যালস এগ্রিমেন্ট (বিবিআইএন এমভিএ) বিষয়ক বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২০১৫ সালের ১৫ জুন বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত মোটর ভেহিক্যালস এগ্রিমেন্ট (এমভিএ) বিষয়ক যাত্রী ও কার্গো প্রটোকল নিয়ে আলোচনা হয়। যা যাত্রী চলাচল নিয়ন্ত্রণ, পারসোনাল অ্যান্ড কার্গো ভেহিকুলার ট্র্যাফিক বিষয়ে এমভিএ চুক্তি কার্যকর করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে ব্যাঙ্গালুরুতে এই গ্রুপের প্রথম বৈঠক হয়।
বিবৃতিতে বলা হয়, এবারের বৈঠকে ভুটান সরকারের সিদ্ধান্তে দেশটির প্রতিনিধিরা অংশ নিয়েছেন পর্যবেক্ষক হিসেবে। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সারোয়ার মাহমুদ। নেপালের নেতৃত্ব দিয়েছেন অবকাঠামো ও পরিবহন-বিষয়ক যুগ্মসচিব গোপাল প্রসাদ সিগডেল। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামী।
বৈঠকে বিবিআইএন এমভিএ বাস্তবায়নে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন প্রতিনিধিরা। তারা আঞ্চলিক সংযুক্তি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যিক, অর্থনৈতিক সহযোগিতা এবং মানুষে-মানুষে যোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছেন। এছাড়া আঞ্চলিক আন্তঃসীমান্ত সড়ক পরিবহনের মাধ্যমেও এসব সুবিধা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়। যাত্রী চলাচলের জন্য প্রোটকলের অংশীদারদের সঙ্গে প্রতিটি দেশের আভ্যন্তরীণ পরামর্শের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিরা। এছাড়া কার্গো যান চলাচল সংক্রান্ত প্রোটকলের খসড়ার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।