অনুমোদন পেল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

দীর্ঘদিন অপেক্ষমাণ থাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বোর্ড সভায় পিপলস ব্যাংকের বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত অনুমোদন পায়নি ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা শেষে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

সম্প্রতি প্রাথমিক লাইসেন্স বা লেটার অব ইনটেন্ট (এলওআই) পাওয়া তিনটি নতুন ব্যাংকের অন্যতম ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’। ১৭ পরিচালক ও তিন স্বতন্ত্র পরিচালক নিয়ে যাত্রা করবে ব্যাংকটি। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছেন ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জসীম উদ্দিন। তিনি বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান।

বৈঠক সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংককে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর ও এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করার প্রস্তাব করা হয়। এর পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় ব্যাংক দুটিকে ইসলামী ব্যাংকে রূপান্তরিত করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।