মুগ্ধ-বিস্মিত আমিনুল ইসলাম

১৯৮৮ সালে যখন প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হলো, তখন আইসিসি একটা সমন্বিত একাদশ করেছিল। সেই একাদশের হয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল। তখন সেটা ছিল অংশগ্রহণমাত্র। তিন দশকেরও বেশি সময় পার করে সেই বুলবুল এখন আইসিসির কর্মকর্তা। দুবাইতে আইসিসির সদর দপ্তরে বসে দেখলেন তার উত্তরসূরিদের বিশ্বকাপ জয়। এ দৃশ্য দেখে আবেগঘন বুলবুল বলছিলেন, ‘দেশের হয়ে প্রথম কোনো বিশ্বকাপ ট্রফি জয় করল এই ছেলেরা। এমন দিন দেখার চেয়ে আনন্দের আর কী আছে!’

বুলবুলকে সকাল থেকেই আইসিসির কর্মকর্তারা বলছিলেন, তোমার দল আজ বিশ্বকাপ জিততে পারে। বুলবুল নিজেও ছিলেন রোমাঞ্চিত। রোমাঞ্চের কথা বলতে গিয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলছিলেন, ‘আমার তো এই বিশ্বকাপ ট্রফির সঙ্গে আলাদা একটা সম্পর্ক আছে। আমি আর লিটন প্রথম আসরে খেলতে গিয়েছিলাম। ফলে আজ এদের জিততে দেখে আলাদা একটা আনন্দ লাগছে।’

বুলবুল মনে করেন, যোগ্য হিসেবেই আকবর আলীর এই দল বিশ্বকাপ জিতেছে। তিনি বলছিলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকে এই দল অসাধারণ ক্রিকেট খেলেছে। নকআউট পর্যায়ে শক্তিশালী সব দলকে হারিয়ে এসেছে। ভারত ছিল টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তাদের হারিয়ে শিরোপা জেতাটা আলাদা আনন্দের।’

এই সাবেক জাতীয় অধিনায়ক বলছিলেন, এখন এই ছেলেগুলোর ভালো যত্ন নিয়ে তাদের সেরা পর্যায়ের উপযোগী করে তোলা হোক, ‘এখন ওদের ভালোভাবে যত্ন নিতে হবে, ভালো কম্পিটিটিভ ক্রিকেট খেলাতে হবে। আমি স্বপ্ন দেখি, আজ ওরা যুব বিশ্বকাপ জিতেছে, একদিন মূল বিশ্বকাপও জিতবে।’