তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সমাবেশে ড. কামাল হোসেন যেভাবে সরকারকে টেনে রাস্তায় নামানোর কথা বলেছেন, তাতে সরকারকে নামানো তো সম্ভবই নয় বরং তারা নিজেরাই রাস্তায় এমনভাবে পড়ে গেছে যে, আর উঠে দাঁড়াতে পারছে না। গতকাল রবিবার দুপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘ড. কামাল হোসেন যে মাপের লোক, তার মুখ দিয়ে এরকম কথা বলাটা মোটেই শোভা পায় না। ওনার নিজের দলের দিকে নজর দেওয়া উচিত। টালমাটাল অবস্থা ওনার দলের। এখন তিনি অন্যদলের সমাবেশে গিয়ে আগুন ঝরা বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. কামাল হোসেন সমাবেশে যেভাবে কথা বলেছেন, তাতে তারা আইন ও আদালতকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছেন। কারণ বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। এটি তারা ভালো করেই জানেন। এরপরেও তারা এমন বক্তব্য দিচ্ছেন। কারণ তারা আইন ও আদালত তো মানেন না।’ মন্ত্রী বলেন, ‘বিক্ষোভ সমাবেশ তারা করতেই পারেন। তবে ভাষাগুলোর ব্যাপারে আরো সংযত হওয়া দরকার।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।