সিঙ্গাপুরে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৪৩ জনের মধ্যে এক বাংলাদেশিও রয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৩৯ বছর বয়সী ঐ বাংলাদেশি ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে বসবাস করে আসছিলেন। তাকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজেসে আইসোলেশনে রাখা হয়েছে।

চীনের উহান থেকে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এই প্রথম কোনো বাংলাদেশির প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেল। সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক এম জে এইচ জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে হাই কমিশনারের সঙ্গে কথা বলেছি, সেদিক থেকে তথ্যটি এখনো পাইনি। তবে আমরা এটা নিয়ে ফলো-আপ করব।’ সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ঐ বাংলাদেশি সাম্প্রতিক সময়ে চীনে যাননি। ফলে সিঙ্গাপুরেই অন্য কারও মাধ্যমে তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।