রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রায়পুর ও সদরের আংশিক নিয়ে লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘আপেল’ প্রতীক বিজয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। গত শনিবার রায়পুরে শহরের তাজমহল সিনেমা হলের সামনে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জরুরি সভায় অতীতের দ্বন্দ্ব-কলহ ভুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনে এবার ভোটের মাধ্যমে জয়ী হতে চায় আওয়ামী লীগ।
সভায় অতীতের সব কলহ ভুলে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুলকে বিজয়ী করতে একজোট হয়ে নির্বাচনী মাঠে নামার অঙ্গীকার করে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরসহ সিনিয়র নেতারা। বিকাল থেকে আপেলের পক্ষে স্থানীয় নেতা-কর্মীরা মাঠে নেমেছেন। সব মিলিয়ে আওয়ামী লীগের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় মুখর লক্ষ্মীপুর-২ আসন।
জানা যায়, ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মহাজোট থেকে জেলা জাতীয় পার্টির মোহাম্মদ নোমান সংসদ সদস্য নির্বাচিত হন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসমাইল খোকন বলেন, সবকিছু ভুলে এখন আপেলের পক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। এ লক্ষ্যে জেলা কমিটির মাধ্যমে উপজেলা, পৌর ও ইউনিয়ন ও নির্বাচনী পরিচালনা কমিটি ঐক্যবদ্ধভাবে ইতোমধ্যে কাজ শুরু করেছে।