ব্রাহ্মণবাড়িয়া-১ আসন

আওয়ামী লীগ ও বিএনপির লড়াই

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে প্রতীক বরাদ্দের পর ভোটের লড়াইয়ে নেমেছেন ছয় প্রার্থী। প্রত্যেকেই কর্মী-সমর্থকদের নিয়ে দিন-রাত প্রচারণা চালাচ্ছেন। তবে ছয়জন প্রার্থী থাকলেও  এ আসনে আলোচনার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী। ফলে নৌকা-ধানের শীষের লড়াই হবে ধারণা করছেন ভোটাররা। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা  মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম, বিএনপির প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান সুখন, ইসলামী ফ্রন্টের প্রার্থী মোঃ ইসলামউদ্দিন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী আবুল কাশেম মোঃ আশরাফুল হক, ইসলামী আন্দোলনের প্রার্থী হুসেইন আহম্মদ, বাংলাদেশ জাতীয় পার্টি মোঃ ফায়েজুল হক। নির্বাচনী মাঠে সমান তালে দৌড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী।

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হক এমপির মৃত্যুতে ২০১৮ সালের ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দোজা  মোঃ ফরহাদ  হোসেন সংগ্রাম বিপুল ভোটে নির্বাচিত হন। অপরদিকে এই আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন পুরোনো খেলোয়াড় বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ একে একরামুজ্জামান সুখন।

স্বাধীনতার পর বিএনপি এই আসনটি থেকে বঞ্চিত রয়েছে। বিগত দশটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পাঁচবার, জাতীয় পার্টি তিনবার এবং মুসলিম লীগ ও স্বতন্ত্র প্রার্থী একবার করে এই আসনে জয়লাভ করে।