ইত্তেফাক রিপোর্ট
অতীতে বাজেটের আগে কেবল ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেটের প্রস্তাব চাওয়া হতো। আর বাজেট আলোচনায় অন্যান্য পক্ষের মধ্যে নির্ধারিত কিছু প্রতিষ্ঠানকে প্রাক-বাজেট আলোচনায় ডাকা হতো। এবার বাজেটে প্রস্তাব চাওয়ার বিষয়টি ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে এনবিআর। ব্যবসায়ী সংগঠন ছাড়াও সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বিশ্বব্যাংক আইএমএফসহ সব ধরনের উন্নয়ন সহযোগী, অর্থনীতি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কাছেও এবার বাজেট প্রস্তাব চাওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে এনবিআরের ভ্যাট নীতি বিভাগ থেকে প্রস্তাব চেয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে লিখিত আকারে এসব প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, সব মিলিয়ে ব্যবসায়ী সংগঠনসহ ২১৫টি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও এনবিআরের মাঠ পর্যায়ের অফিসের কাছে এবারের বাজেট বিষয়ে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। এর মধ্যে ৭৩টি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, অর্থনীতির গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ২২টি, এনবিআরের মাঠ পর্যায়ের ৩১টি ভ্যাট অফিস ও ১৩ ব্যক্তি ছাড়াও ১১৫টি ব্যবসায়ী সংগঠন ও চেম্বার রয়েছে।
আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন হবে জুনের শুরুর দিকে। বাজেটের উল্লেখযোগ্য অংশ প্রস্তুত করে থাকে এনবিআর। এ জন্য প্রতিবারই বাজেটসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে দীর্ঘ প্রাক-বাজেট আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাব নেওয়া হয়।