রাহিকে আইসিসির সতর্কবার্তা

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বিরাট ব্যবধানে হেরেছে বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টে। এর সাথে আরেকটু খারাপ খবর পেয়েছেন ফাস্ট বোলার আবু জায়েদ রাহি। ইনিংসের ২৩তম ওভারে অশোভন আচরণের জন্য আইসিসির কাছ থেকে সতর্কবার্তা পেয়েছেন তিনি। পাকিস্তানি অধিনায়ক আজহার আলীকে আউট করার পর তার খুব কাছে গিয়ে উদ্যাপন করছিলেন রাহি। এর ফলে আজহারও আবার পালটা বিরক্তি প্রকাশ করে প্রতিক্রিয়া দেখান। আইসিসির খেলোয়াড় ও কর্মকর্তাদের আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী এটা লেভেলে-১ অপরাধ। গত ২৪ মাসের মধ্যে রাহির এই ধরনের অপরাধ এই প্রথম বলে তাকে কেবল সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।