স্পোর্টস ডেস্ক
বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতায় যোগ দিল।
এ অঞ্চলের জন্য বরাদ্দ দুটি আসনে আগেই যোগ্যতা অর্জন করে রাখা আর্জেন্টিনার সঙ্গেই শেষ খেলা ছিল ব্রাজিলের। টোকিওর টিকিট কাটতে হলে খেলাটিতে জিততেই হতো তাদের। শেষ পর্যন্ত দুই বারের সোনাজয়ীদের বিরুদ্ধে দাপুটে জয়েই তা সম্ভব করল ব্রাজিল। জোড়া গোল করেন ম্যাথুস চুনহা। অপর গোলটি পলিনহোর।
ব্রাজিল গত রবিবার কলম্বিয়ায় অনুষ্ঠিত খেলাটিতে জিতে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় দল হিসেবে ঠাঁই পায়। উরুগুয়ে এদিন কলম্বিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জিতলেও তা যথেষ্ট ছিল না। আর্জেন্টিনা আগের দুই খেলায় উরুগুয়ে ও কলম্বিয়াকে হারিয়েই টোকিও টিকিট কেটেছিল।
চুনহা পাঁচ গোল করে বাছাই পর্বে শীর্ষ গোলদাতা হন। আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কলম্বিয়ার এডউইন সেটরের চাইতে এক গোল বেশি ব্রাজিল স্ট্রাইকারটির।
পেলের দেশ এবং পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ব্রাজিল অলিম্পিক ফুটবলের সোনা জেতে ২০১৬ সালে। সেবার তারা নিজেদের মাঠে অনুষ্ঠিত রিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে এই অর্জনটি সম্ভব করে। টোকিও গেমস হবে তাদের জন্য অলিম্পিক ফুটবলে ১৪তম অংশগ্রহণ।
টোকিও অলিম্পিকের ফুটবল টুর্নামেন্টে এর আগে ১৩টি দেশ যোগ্যতা অর্জন করে। দেশগুলো হলো—জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মিশর, আইভরি কোস্ট, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, রোমানিয়া, স্পেন, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা। স্বাগতিক জাপানসহ মোট ১৬টি দেশ খেলবে এ বছরই অনুষ্ঠিতব্য অলিম্পিক আসরটিতে।
উল্লেখ্য ২০ এপ্রিল জাপানের টোকিওতে ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।
জোড়া গোল করে ব্রাজিলের জয়ে বড়ো অবদান রাখেন চুনহা —ওয়েবসাইট