তদন্ত করবে আইসিসি
স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপের জয় নিশ্চিত করার পর পচেফস্ট্রমের মাঠে বাংলাদেশের যুব তারকাদের উদ্যাপন ছিল দেখার মতো। পতাকা হাতে দলের সবাই নেমে যান মাঠে। এরই মধ্যে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।
বাংলাদেশের উদ্যাপনের একটি মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন বাংলাদেশিরা। টেলিভিশন ক্যামেরায় এক ভারতীয় ক্রিকেটারকে বাংলাদেশের জাতীয় পতাকা টান দিতেও দেখা যায়।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে গতকাল। বিষয়টি দৃষ্টি এড়ায়নি ম্যাচ রেফারি গ্রায়েম লাবোরির। তিনি তার প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছেন। ল্যাবোরি বলেছেন, ‘পুরো ঘটনার ভিডিও আছে। ভিডিও বিশ্লেষণ করে সবকিছু দেখা যাবে।’
ম্যাচ শেষে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক ও ম্যাচের সেরা খেলোয়াড় আকবর আলী। যদিও ভারতের অধিনায়ক প্রিয়াম গার্গ দোষ চাপিয়েছেন বাংলাদেশের ওপরই।
তিনি বলেন, ‘হারের পরও আমরা স্বাভাবিক ছিলাম। আমরা মনে করি, পরাজয় খেলারই একটি অংশ। আপনি কিছু ম্যাচে জেতেন এবং কিছু ম্যাচ হারেন। কিন্তু তাদের প্রতিক্রিয়া নোংরা ছিল। আমি মনে করি এমন হওয়া উচিত না। তবে যাই হোক, ব্যাপার না।’