কোটালীপাড়ায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগার চত্বরে ২০ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা রেজাউল করিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহানুর শেখ, ছাত্রলীগ নেতা আলী আক্কাস লিটন।
স্বাস্থ্যসম্মত জীবন যাপন করণে কর্মশালা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসম্মত জীবন যাপন করণের লক্ষ্যে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল। এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহাবুবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমান, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান প্রমুখ।
মাদারীপুরে ধর্মীয় নেতাদের সঙ্গে
জেলা নাটাবের মতবিনিময়
মাদারীপুর প্রতিনিধি জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মাদারীপুর জেলা শাখার আয়োজনে গতকাল রবিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা নাটাব সভাপতি শাহজাহান খান। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. এসএম খলিলুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসাইন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা রেজাউল হক প্রমুখ। মতবিনিময় সভায় ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।
কাঠালিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোজাম্মেল হক রেজা, বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ। এতে বক্তব্য রাখেন কাঠালিয়া নির্বাচন কর্মকর্তা জয়ন্ত্রী রানী চক্রবর্তী, ঝালকাঠি সদর নির্বাচন কর্মকর্তা সারমিন আফরোজ, রাজাপুর নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ আলী, নলছিটি নির্বাচন কর্মকর্তা মো. কাহীন শরীফ। প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আ. রাজ্জাক।
‘সুস্বাস্থ্য কুমিল্লা’র মোড়ক উন্মোচন
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের বার্ষিক প্রকাশনা ‘সুস্বাস্থ্য কুমিল্লা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আবুল কাশেম। কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এ সময় বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মাহাবুবুল করিম, বিএমএ-কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, ‘সুস্বাস্থ্য কুমিল্লা’-এর সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ডা. মো. নাজমুল আলম, ডা. সৌমেন রায় প্রমুখ। অনুষ্ঠানে ‘সুস্বাস্থ্য কুমিল্লা’ প্রকাশনার তথ্যসংবলিত ভিডিও স্ক্রিপ্ট উপস্থাপন করা হয় এবং অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘সুস্বাস্থ্য কুমিল্লা’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
০