বদরগঞ্জে আমগাছে আসতে শুরু করেছে মুকুল

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

শীত শেষ হতে না হতেই বদরগঞ্জে আম গাছসহ আমের বাগানগুলোতে এরই মধ্যে মুকুল আসতে শুরু করেছে। মুকুলের মৌ মৌ গন্ধ জানান দিচ্ছে মধু মাসের আগমনি বার্তা।

ইতোমধ্যে আম বাগান চাষিরা তাদের গাছে মুকুল ধারণের জন্য ভিটামিন হরমোনসহ বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। বাগান চাষিদের কাছে এই সময়টি সব চাইতে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই স্বপ্ন পূরণ হওয়া মানেই তাদের আর্থিকভাবে লাভবান হওয়া তথা স্বাবলম্বি হওয়া। সরেজমিনে উপজেলার বিভিন্ন আমবাগান ও বাসাবাড়িতে যাদের আমের গাছ রয়েছে তাদের মধ্যে এই ব্যস্ততার চিত্রই চোখে পড়ে। উপজেলার কালুপাড়া ইউপির আম চাষি মাহাফুজ ওয়াহিদ চয়ন জানান, আমার ২০ বিঘা জমিতে হাড়িভাঙ্গা জাতের আম বাগান রয়েছে। কিছু গাছে এরই মধ্যে মুকুল এসেছে এখনও অনেক গাছে মুকুল আসেনি, তবে এই সময়টি আমাদের জন্য খুবই গুরুরত্বপূর্ণ। কারণ এই সময়ে গাছের পরিচর্যার উপরই নির্ভর করবে গাছে মুকুল আসার বিষয়টি। এই সময়টাতে বাগানের নিবিড় পরিচর্যা জরুরি। 

উপজেলার রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামের আম বাগান মালিক হাসান আল মাহামুদ জানান, ৩০ বিঘা জমিতে রয়েছে আমার আমের বাগান। সবেমাত্র কিছু গাছে মুকুল আসতে শুরু করেছে। মুকুল রক্ষায় এই সময়টাতে ব্যাপক পরিচর্যা দরকার। তা না হলে আমের মুকুল নষ্ট হয়ে যাবে। তাই বাগানে কৃষি শ্রমিক নিয়ে কাজ করছি।

বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবায়দুর রহমান মামুন জানান, ইতোমধ্যে আম গাছে মুকুল আসা শুরু করেছে। কয়েকদিন পর কম বেশি সকল গাছেই মুকুল দেখা যাবে।