গঙ্গাচড়ায় উর্বরতা হারাচ্ছে কৃষিজমি

অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ

কমল কান্ত রায়, গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে জমির অম্লত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে কৃষি জমি হারাচ্ছে উর্বরতা শক্তি। তাছাড়া জমির খাদ্য ও জৈব শক্তি গোবর যাচ্ছে চুলায়। আধুনিকতার ছোঁয়ায় গ্রামাঞ্চলে কৃষকদের ঘরে গরুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। প্রয়োজনীয় খাদ্য সরবরাহ এবং খাদ্যের দাম বেশি হওয়ার কারণে অনেক কৃষক গরু পালন থেকে বিরত থাকছেন। কিছু কৃষক গরু পালন করলেও অনেকে গোবর দিয়ে শলা তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। কৃষকরা একই জমিতে বিভিন্ন ধরনের দুই বা ততোধিক ফসল ফলালেও অসচেতনতার কারণে শুধু রাসায়নিক সারের ওপর নির্ভরশীল। জমির গুণাগুণ বিবেচনা না করে প্রতি বছর মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করছেন।                                 

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ফসল ফলাতে কৃষকরা মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করছেন। মনে হচ্ছে, সার প্রয়োগে প্রতিযোগিতায় নেমেছেন। জমির ক্ষতির কথা বিবেচনা না করে যে যত পারছে সার প্রয়োগ করছেন। কোনো ব্যালেন্স নেই। ফলে জমিতে অম্লত্বের পরিমাণ বাড়ছে। জমির অম্লত্ব দূর করতে মাঝে মাঝে চুন প্রয়োগ করতে হবে। তিনি আরো বলেন, বিভিন্ন সময় বিভিন্ন এলাকার মাটি পরীক্ষা করে দেখা গেছে, মাটিতে যেখানে জৈবসারের পরিমাণ শতকরা পাঁচ ভাগ থাকার কথা সেখানে রয়েছে দেড় ভাগ। এজন্য জমিতে খাদ্যের ঘাটতি বিশেষ করে জৈবসারের ঘাটতি মেটাতে প্রতি বছর জমিতে জৈবসার ব্যবহার করা প্রয়োজন।