বরিশাল অফিস
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাজাহান রাঢ়ি নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। এ সময় তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের দণ্ডাদেশ দেওয়া হয়। শাজাহান রাঢ়ি উপজেলার পূর্ব ইয়ারবেগ গ্রামের মৃত সৈয়দ জামান রাঢ়ির ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩ মার্চ স্থানীয় একটি আখ খেতে ঐ শিশুকে ধর্ষণ করে শাজাহান। এ ঘটনায় ৭ মার্চ নির্যাতনের শিকার মেয়েটির মা বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।