ইত্তেফাক রিপোর্ট
শুরু হলো জনপ্রিয় বানান প্রতিযোগিতার অনুষ্ঠান ‘স্পেলিং বি’। এটি স্কুল শিক্ষার্থীদের একটি জনপ্রিয় প্রতিযোগিতা। যেখানে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতাটিতে সারাদেশের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এ বছর পঞ্চমবারের মতো উদ্বোধন হলো ‘স্পেলিং বি’ এর। গতকাল সোমবার রাজধানীর ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে আয়োজকরা। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের মূল আয়োজক ‘চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম’। এতে সহযোগিতা করবে ‘ডেইলি স্টার’ ও সম্প্রচার অংশীদার হিসেবে থাকবে ‘চ্যানেল আই’। এ বছর স্পেলিং বি-এর প্রধান পৃষ্ঠপোষক ‘ড্যান কেক’।
ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বানান শেখার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও তাদের চেতনার উন্মেষ ঘটে এবং নিজেদের সর্বোচ্চভাবে তুলে ধরার সুযোগ পায়। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য শিক্ষক ও অভিভাবকদের তিনি আহ্বান জানান।
‘চ্যানেল আই’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, স্পেলিং বি থেকে পাওয়া অভিজ্ঞতা শুধু বাংলাদেশ নয়, বিদেশেও নিজেদের মেলে ধরতে পারবে প্রতিযোগীরা।
অনলাইন রাউন্ডে শিক্ষার্থীদের www.champs21.com এ নিবন্ধন করে অথবা গুগল প্লে স্টোর (http://bit.ly/spellchamps) থেকে স্পেল চ্যাম্পস অ্যাপস ডাউনলোড করে গেমটি খেলা যাবে। অনলাইন রাউন্ডে ১০ ফেব্রুয়রি বিকাল ৫টা থেকে ১৫ মার্চ রাত ১১.৫৯টা পর্যন্ত গেমটি খেলা যাবে। অনলাইন রাউন্ড থেকে ডিভিশনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে। সেখান থেকে দেশসেরা ৯৬ জন স্পেলার অংশ নেবে টেলিভিশন রাউন্ডে। প্রতিযোগিতার বিজয়ী চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ৫ লাখ টাকার শিক্ষাবীমা ও একজন অভিভাবকসহ স্পেলিং বি’র পীঠস্থান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঘুরে আসার সুযোগ পাবে। টেলিভিশন রাউন্ডটি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ই-লার্নিং পোর্টাল www.champs21.com থেকে।