ঝালকাঠি আদালতের পিপি হায়দার হোসাইন হত্যা মামলায় জেএমবির পাঁচ জঙ্গির ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি নিয়ে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ জঙ্গি হলেন, বরগুনার বেল্লাল হোসেন ও আবু শাহাদাত্ মো. তানভীর ওরফে মেহেদী হাসান, খুলনার মুরাদ হোসেন, ঢাকার ছগির হোসেন ও আমীর হোসেন। এদের মধ্যে বেল্লাল পলাতক। বাকিরা কারাগারে রয়েছেন।
ঝালকাঠি আদালতের দুই বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাড়ে হত্যা মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেলা জামায়াতের আমীর হায়দার হোসাইন। ঐ মামলা পরিচালনার সময় আদালত কক্ষে জঙ্গিরা তাকে হত্যার হুমকি দিয়েছিল। ২০০৬ সালের ২৯ মে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিসহ সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত। ২০০৭ সালের ২১ মার্চ জঙ্গিদের ফাঁসি কার্যকর হয়। ঐ ফাঁসি কার্যকরের ২০ দিন পর হায়দার হোসাইনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।