পাতা কুড়াতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

পাতা কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী (১৩)। গত ৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার শালিয়াবহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।

মামলার বিবরণে প্রকাশ, ধর্ষিতা শিশুটি উপজেলার শালিয়াবহ-জাঙ্গালিয়া চৌরাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। শিশুটি গত ৯ ফেব্রুয়ারি সকালে রান্নার জন্য বাড়ির পাশে কদ্দুছ মণ্ডলের বাগানে ঝরা পাতা কুড়াতে যায়। দুপুর ১২টার দিকে একই গ্রামের রফিজ উদ্দিন ওরফে অপু (৪৫) শিশুটিকে একা পেয়ে গামছা দিয়ে মুখ বেঁধে বাগানেই তাকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনাটি প্রথমে তার মাকে বলে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ ঘটনায় গতকাল অপুকে আসামি করে শিশুটির বাবা ঘাটাইল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষিতা শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষককে আটকের চেষ্টা চলছে।