বিশ্বকাপ জয়ের রেশ বইমেলায়

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে আলোড়িত ছিল বইমেলা। বই কেনার পাশাপাশি সবার মুখে ছিল জুনিয়র টাইগারদের অনন্য জয়ের গৌরবগাথা। এদিন বইমেলায় ক্রিকেট বিষয়ক বই কেনার প্রতিও আগ্রহ ছিল শিশু-কিশোরদের মধ্যে। মেলায় মা-বাবার সঙ্গে এসেছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদমান। তার আগ্রহ ক্রিকেট বিষয়ক বইয়ের দিকে। জানাল, বাংলাদেশের বিশ্বকাপ ফাইনাল খেলা দেখেছে সে। তার ইচ্ছা ক্রিকেটার হওয়ার।

বইমেলায় ক্রিকেট বিষয়ক বই বের করেছে বেশকিছু প্রকাশনী প্রতিষ্ঠান। ক্রিকেট খেলার কলাকৌশল নিয়ে বই আছে বিভিন্ন প্রকাশনীর স্টলে। ক্রিকেট নিয়ে মজার মজার সব বই লিখেছেন দেশের বিভিন্ন সংবাদপত্রে কর্মরত ক্রীড়া সাংবাদিকরা। উত্পল শুভ্র ক্রিকেট নিয়ে একাধিক বই লিখেছেন। তার আলোচিত বই ‘১১ ক্রিকেটারের গল্প’। প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। এখান থেকে তার আরেকটি বই বের হয়েছে ‘কাছের     ক্রিকেট দূরের ক্রিকেট’ নামে। ঐতিহ্য থেকে প্রকাশিত দেবব্রত মুখোপাধ্যায়ের ‘মাশরাফি’ ক্যাপ্টেন ম্যাশকে নিয়ে লেখা গ্রন্থ। যেখানে ক্যাপ্টেন ম্যাশের জীবন, লড়াইয়ের কাহিনি উঠে এসেছে। এছাড়াও সাকিব আল হাসানকে নিয়ে দেবব্রত মুখোপাধ্যায়ের আরেকটি বই প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট নাপোর্টার্স অ্যাসোসিয়েশন। পাওয়া যাবে ঐতিহ্য প্রকাশনীতে। ‘বাংলাদেশের অধিনায়ক’ নামে রানা আব্বাসের বই প্রকাশ করেছে সমগ্র প্রকাশন। পার্ল পাবলিকেশন্স প্রকাশ করেছে সাকিব আল হাসান রচিত গ্রন্থ ‘হালুম’। রূপ প্রকাশনে পাওয়া যাবে ‘কাটার মাস্টার মুস্তাফিজ’ প্রভৃতি। ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন ক্রিকেটকে কেন্দ্র করে গল্প উপন্যাস লেখেন যা পাঠকের মাঝে বেশ জনপ্রিয়। তার লেখা এসব বই পাওয়া যাবে অন্বেষা প্রকাশন ও পার্ল পাবলিকেশনে।

নতুন বই :গতকাল মেলায় নতুন বই এসেছে ১৭৯টি। এরই মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত দিব্যদ্যুতি সরকারের বঙ্গবন্ধুবিষয়ক বই ‘বঙ্গবন্ধুর কারা জীবন’, অবসর থেকে আবদুল মান্নান সৈয়দের প্রবন্ধ ‘করতলে মহাদেশ’, অন্যধারা থেকে সেলিনা হোসেনের উপন্যাস ‘কাঁটাতারে প্রজাপতি’, অনন্যা থেকে মনি হায়দারের গল্পগ্রন্থ ‘ফ্যান্টাসি’, একই প্রকাশনী থেকে মহাদেব সাহার কবিতার বই ‘চোখ বুজে পাহাড় দেখেছি’, কথাপ্রকাশ থেকে হাবীবুল্লাহ সিরাজীর গদ্যগ্রন্থ ‘আমার গদ্য-১’, একই প্রকাশনা থেকে সনত্কুমার সাহার বঙ্গবন্ধুবিষয়ক বই ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’, মুক্তধারা থেকে ব্রিটিশবিরোধী আন্দোলনের অজানা কাহিনি নিয়ে ব্রজেন্দ্রনাথ অর্জুনের ‘অগ্নিযুগের ইতিকথা’, অনিন্দ্য প্রকাশ থেকে মোশতাক আহমেদের ‘অভিশপ্ত আত্মা’, ঐতিহ্য প্রকাশ করেছে মিজান মালিকের কবিতার বই ‘গল্প ছাড়া মলাট’।

মেলামঞ্চে অনুষ্ঠান :সোমবার গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় দিব্যদ্যুতি সরকার রচিত বঙ্গবন্ধুর কারাজীবন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য রাশিদ আসকারী। আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সাহিদা বেগম ও ড. আশফাক হোসেন। লেখকের বক্তব্য প্রদান করেন দিব্যদ্যুতি সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল মোমেন।