প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

ইসলাম  ও নৈতিকশিক্ষা

                                                সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: আমাদের দীনের নাম কী?

উত্তর: আমাদের দীনের নাম ইসলাম । ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এই জীবন বিধানে নিহিত রয়েছে মানুষের সার্বিক কল্যাণ। মানুষের জন্য সরল সঠিক পুণ্য পথের দিক নির্দেশনা রয়েছে দীন ইসলামে । এই দীনের পথে চললে মানুষ দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি লাভ করতে পারবে।

প্রশ্ন: আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করবো ?

উত্তর : আমরা আল্লাহর আদেশ মতো তাঁর সব নেয়ামত ভোগ করবো । আর একমাত্র তাঁরই আনুগত্য করবো। তাঁরই শোকর আদায় করবো। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর শোকর আদায় করবো।

প্রশ্ন:ইমান  শব্দের অর্থ কী ?            

উত্তর: ইমান একটি আরবি শব্দ। ইমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। ইসলামি পরিভাষায় মহানবি (স) আল্ল­াহর  পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়কে  অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা ,মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী কাজ করাকে ইমান বলে।

প্রশ্ন:আখিরাত মানে কী?

উত্তর: আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল। পৃথিবীতে কোনো কিছুই অমর নয়। যার জন্ম আছে তার মৃত্যুও আছে। কিন্তু মৃত্যুতেই সবকিছু শেষ হয় না। মৃত্যুর পরও এক জগত্ আছে। ইসলামি শরিয়তের পরিভাষায় মৃত্যুর পরবর্তী  জগতকে বলা হয় আখিরাত ।

প্রশ্ন:সারা বিশ্বের পালনকর্তা কে ?

উত্তর: সারা বিশ্বের পালনকর্তা একমাত্র আল্ল­াহ তায়ালা। তিনি যেমন আমাদের খাদ্য, পানি,আলো ও বাতাস দিয়ে লালন পালন করেন ,ঠিক তেমনি গাছপালা,পশুপাখি,জীবজন্তুকেও লালন পালন করেন । তিনি সারা বিশ্ব লালন পালন করছেন। তিনিই নিখিল বিশ্বের পালনকর্তা। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে ‘সব  প্রশংসা একমাত্র আল্ল­াহর যিনি  সারা বিশ্বের পালনকর্তা।’