অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সুনামগঞ্জ-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল এক নোটিশে এই এমপিকে আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়। ক্যাসিনোক্যান্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে বিভিন্ন সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান, জিজ্ঞাসাবাদ ও মামলা দায়েরের কার্যক্রমে এই প্রথম কোনো সংসদ সদস্যকে তলব করল দুদক।
এর আগে গত ২৪ অক্টোবর দুদক থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে এমপি রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ঐ চিঠিতে দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে বলা হয়।